নিজস্ব প্রতিনিধি :
বগুড়ার শেরপুর উপজেলা-য় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চণ্ডেশ্বর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলে রাব্বি পার্শ্ববর্তী ধুনট উপজেলা-র গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, কৃষক রমজান আলীর বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় গ্রামবাসী বিষয়টি টের পান। পরে চণ্ডেশ্বর ও আকরামপুর গ্রামের লোকজন দুজনকে আটক করে মারধর করেন।
পুলিশ জানায়, গণপিটুনিতে আহত অবস্থায় বুধবার ভোর পাঁচটার দিকে ফজলে রাব্বিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত অপর ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৩০)। তাঁর বাড়িও নাটাবাড়ি গ্রামে। বর্তমানে তিনি শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে তোফাজ্জল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।