রামিসাসহ সকল ধর্ষণ-হত্যার বিচার দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

Date: 2026-05-23
news-banner

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি:

রামিসাসহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি।

শনিবার (২৩ মে) দুপুর ২টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

সমাবেশে বক্তব্য রাখেন,সিপিবি উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিপিবি নেতা ও উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী  সভাপতি শামছুল আলম খান, নারী নেত্রী তাসলিমা বেগম, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং এবং ছাত্র ইউনিয়ন সভাপতি আহাদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশুর নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশ শেষে ধর্ষক ও খুনিদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দুর্গাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়।

Leave Your Comments