চট্টগ্রামে ‘শতাধিক’ নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Date: 2026-06-01
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার সকালে অনুষ্ঠিত এ মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলটি বের করেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিলটি জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তাঁদের হাতে থাকা ব্যানারে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা ছিল। মিছিলটি নগরের দুই নম্বর গেট এলাকার আশপাশ থেকে শুরু হয়ে জিইসি মোড় অভিমুখে যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই দিন সকাল আটটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকাতেও ছাত্রলীগের নেতা-কর্মীদের আরেকটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে কয়েকজনকে সড়কে মিছিল করতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার ভিডিও সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

Leave Your Comments