নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ফেসবুকে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ মণ্ডল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে তাঁদের দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই দুজনকে মাদকসদৃশ বস্তু সেবন করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল বলেন, “ফেসবুকে তাঁদের মাদক সেবনের ভিডিও দেখা গেছে। এটি দলীয় শৃঙ্খলাপরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ড। এ কারণে তাঁদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
এর আগে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।