পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে আট যাত্রী আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউ গ্রীনলাইন এক্সপ্রেসের বাসটি যাত্রী নিয়ে মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে বাসটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি প্রথমে সেতুর ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে পুরোপুরি ঘুরে গিয়ে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে উল্টে যায়।
দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাসটি মাওয়া প্রান্তের ঢালে নামার পর নিয়ন্ত্রণ হারায়। কয়েক মুহূর্তের মধ্যে বাসটি ডান পাশের রেলিংয়ে ধাক্কা দিয়ে ঘুরে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে সড়কে উল্টে পড়ে।
দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর পৌঁছায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না জানান, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে আহত যাত্রীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে নূর ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।