হরমুজ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা নেই : ইরানের রাষ্ট্রদূত
বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী।
বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিয়েও আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সংশ্লিষ্ট অঞ্চল এবং এর বাইরের জনগণের স্বার্থে চলমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেন।
সাক্ষাতে সাম্প্রতিক সময়ে আলোচিত মক্কা প্রতিরক্ষা চুক্তি (মক্কা প্যাক্ট) নিয়েও আলোচনা হয়। ইরানের রাষ্ট্রদূত জানান, মক্কা প্যাক্ট ইরানের বিরুদ্ধে কোনো জোট নয়। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে ইরান এতে যুক্ত হওয়ার বিষয়টি গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও তেহরানের কোনো আপত্তি নেই বলে জানান ইরানের রাষ্ট্রদূত।
ইরানের রাষ্ট্রদূতের এই বক্তব্যের ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি ও সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালি ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।