দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে টিমটি অনুসন্ধান পরিচালনা করছে।

অভিযোগসংশ্লিষ্ট অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে ঘুষ গ্রহণ, অর্থপাচার, মানিলন্ডারিং ও বিদেশে অর্থ স্থানান্তরের মতো বিষয় রয়েছে। এ ছাড়া অবৈধ বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে বলে সূত্র জানিয়েছে।

সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে। পাশাপাশি সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে আসিফ মাহমুদ বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি। অনুসন্ধানের মাধ্যমে অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করবে দুদক।