সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

ঢাকা, ৩ সেপ্টেম্বর: ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়; সবাই বাংলাদেশি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন না করে সবাইকে বাংলাদেশি হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নয়জন পুরোহিত ও সেবায়েতের হাতে সম্মানীর অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকার আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে সম্মানী দেওয়া হয়।

তারেক রহমান বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে কংসের মতো নিষ্ঠুর শাসক জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।

তিনি বলেন, সমাজবিরোধী কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা সঙ্গে ছিলেন।