সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাতের জামিন নামঞ্জুর
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার জামিন শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সম্প্রতি আলোচনায় আসেন সিফাত আব্দুল্লাহ। তবে তাঁর আইনজীবীর দাবি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে তাঁর বক্তব্য কিংবা প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগের কোনো উল্লেখ মামলার এজাহারে নেই।
সিফাতের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, যে বক্তব্যের কারণে সিফাত আলোচনায় এসেছিলেন, সেটি মামলার এজাহারে উল্লেখ করা হয়নি। শুনানিতেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।
তিনি বলেন, ৪ জুনের একটি মামলায় সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিফাতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তাঁর দাবি, সিফাত ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে কাজ করেছেন এবং তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
পিপি বলেন, সোমবার সিফাতের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
সিদ্দিকুর রহমান আরও অভিযোগ করেন, সিফাত পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। ৫ আগস্টের আগেও তিনি ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন এবং পরবর্তী সময়েও সেই কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন বলে দাবি করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাঁকে থানায় নেওয়া হয়।