নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ১১টি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) পলাতক আসামি মো. ছবেদুল ইসলাম রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে ঢাকার সাভার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ছবেদুল ইসলাম রনির বিরুদ্ধে নওগাঁ সদর ও পত্নীতলা থানায় মোট ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় তিনি আদালতের সাজাপ্রাপ্ত আসামি। মামলাগুলোর পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও পরিকল্পনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সাভারে অভিযান পরিচালনা করে। মধ্যরাতে পরিচালিত এই সফল অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে, দীর্ঘদিন পলাতক থাকা এই ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের খবর পত্নীতলায় পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে স্বস্তি ও উল্লাস দেখা যায়। পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।