এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাড়ছে প্রাকৃতিক ও অর্থনৈতিক ঝুঁকি। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে তীব্র খরা, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অস্বাভাবিক উচ্চতার জোয়ার এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ার প্রাকৃতিক জলবায়ুগত প্রক্রিয়াই এল নিনো। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্বাভাবিক আবহাওয়ার ধরনে পরিবর্তন আসে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে এর প্রভাব আরও তীব্র হয়ে উঠতে পারে।
চলতি বছরের এল নিনো ডিসেম্বরের শেষ দিকে সবচেয়ে শক্তিশালী অবস্থায় পৌঁছাতে পারে এবং আগামী বছরের মে পর্যন্ত এর প্রভাব অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, আধুনিক রেকর্ডে এটিই সবচেয়ে শক্তিশালী এল নিনো হওয়ার সম্ভাবনা আগের তুলনায় কিছুটা কমেছে।
দ্বীপরাষ্ট্রগুলোতে তীব্র খরা
এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কমে ফিজি ও টোঙ্গায় তীব্র খরা দেখা দিয়েছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এসব দেশের বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকার মানুষ পানির প্রাপ্যতা ও দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া নিয়ে উদ্বিগ্ন। পরিস্থিতি মোকাবিলায় সরকারকে পানির ব্যবহার সীমিত করা, প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দুর্যোগ মোকাবিলায় সরকারি তহবিল পুনর্বণ্টনের ক্ষমতা দেওয়া হয়েছে।
পানির সংকটে থাকা গ্রামগুলোতে নতুন করে পানি সরবরাহের জন্য ইতোমধ্যে বিপুলসংখ্যক পানিবাহী ট্রাক পাঠানো হয়েছে।
সান ফ্রান্সিসকোতে উচ্চ জোয়ারের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বুধবার অস্বাভাবিক উচ্চতার জোয়ারের আশঙ্কা করা হচ্ছে। এতে শহরের বিভিন্ন এলাকা ও বিমানবন্দর প্লাবিত হতে পারে। বছরের সর্বোচ্চ জোয়ারের প্রাকৃতিক পরিস্থিতি, আসন্ন ঝড় এবং এল নিনোর প্রভাব—সব মিলিয়ে সমুদ্রের পানির উচ্চতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এল নিনোর কারণে উষ্ণ হয়ে ওঠা প্রশান্ত মহাসাগরের পানি প্রসারিত হচ্ছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের তাপীয় প্রসারণ যুক্ত হওয়ায় জোয়ারের উচ্চতা আরও বাড়তে পারে।
উপকূলীয় এলাকায় প্রায় ২ দশমিক ৭৫ ফুট বা ০ দশমিক ৮ মিটার পর্যন্ত পানি উঠে প্লাবন হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জোয়ারের উচ্চতা ১৯৮৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
বাড়তে পারে বিশ্ব অর্থনীতির ঝুঁকি
এল নিনোর প্রভাবে খাদ্যপণ্য ও বিদ্যুতের দাম বাড়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দিতে পারে। কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য ও জলবিদ্যুৎ উৎপাদন খাত সবচেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অক্সফোর্ড ইকোনমিকসের হিসাব অনুযায়ী, এল নিনো অত্যন্ত শক্তিশালী হলে আগামী বছর বিশ্বের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ০ দশমিক ৬ শতাংশ কমতে পারে। ২০২৮ সালে তা আরও ০ দশমিক ৮ শতাংশ কমার আশঙ্কা রয়েছে।
রেকর্ড শক্তিশালী এল নিনোর সম্ভাবনা কমেছে
এনওএএর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর-ডিসেম্বর অথবা নভেম্বর-জানুয়ারি সময়ে রেকর্ড শক্তিশালী এল নিনো দেখা দেওয়ার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। এর আগে এই সম্ভাবনা যথাক্রমে ৮৩ শতাংশ ও ৭০ শতাংশ বলে ধারণা করা হয়েছিল।
জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে এল নিনোর মাত্রা নির্ধারণে এনওএএ এখন ‘রিলেটিভ ওশানিক নিনো ইনডেক্স’ ব্যবহার করছে। এতে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের ‘নিনো ৩.৪’ এলাকার সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তনসহ বৃহত্তর নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় নেওয়া হয়।
বিমা খাতেও প্রভাব
অ্যালিয়াঞ্জের এক গবেষণায় বলা হয়েছে, এল নিনো সব অঞ্চলে একইভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়ায় না; বরং বিভিন্ন অঞ্চলে দুর্যোগের ধরন ও ঝুঁকির চিত্র বদলে দেয়। উত্তর গোলার্ধের অনেক দেশ এ পরিস্থিতিতে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকতে পারে।
অন্যদিকে, দক্ষিণ গোলার্ধের দেশগুলো এল নিনোর প্রভাবে তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব দেশের অনেকেরই প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত বিমা সুরক্ষা নেই। ফলে এল নিনোর প্রভাব শুধু আবহাওয়া ও পরিবেশেই নয়, বিশ্ব অর্থনীতি ও জনজীবনেও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।