রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের বলয়কেন্দ্রিক রাজনীতি ও সাংগঠনিক জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০০৯ সালের কথিত অভ্যন্তরীণ সংঘর্ষ, তৎকালীন নেতৃত্বের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও সাংগঠনিক বৈষম্যের অভিযোগ এবং প্রায় ১৭ বছর ধরে একই ব্যক্তির জেলা আমিরের দায়িত্বে থাকার বিষয়টি সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পর্বের দীর্ঘ প্রতিবাদী বক্তব্য প্রকাশ করেছেন সংগঠনটির সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আবু তালেব।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাঙামাটি জেলা শাখার সাবেক সদস্য হিসেবে পরিচয় দেওয়া আবু তালেব তাঁর বক্তব্যে দাবি করেছেন, অতীতে রাঙামাটি জামায়াত ও ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রমে ব্যক্তিকেন্দ্রিক বলয়, গ্রুপিং ও সিন্ডিকেট সংস্কৃতি সক্রিয় ছিল। এসবের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তাঁকে ও তাঁর কয়েকজন সহকর্মীকে হামলা, সাংগঠনিক হয়রানি এবং বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।
তাঁর প্রথম পর্বের বক্তব্যে ২০১১ সালে ছাত্রশিবিরের সদস্য শপথ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সাবেক জেলা সভাপতি হেলাল উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক সিন্ডিকেট গড়ে তোলা, স্বেচ্ছাচারিতা এবং ব্যক্তিস্বার্থে সংগঠন পরিচালনার অভিযোগ আনেন তিনি। তাঁর দাবি, ওই বলয়ের প্রভাবে একাধিক সক্রিয় সদস্য নিষ্ক্রিয় হয়ে পড়েন এবং ৫০ জনের বেশি সাথী সাংগঠনিক কার্যক্রম থেকে সরে যান।
আবু তালেবের অভিযোগ, তৎকালীন জেলা সভাপতির বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় পর্যায়ে ভুল তথ্য উপস্থাপন করা হয় এবং আনুগত্যহীনতার অভিযোগ তুলে সদস্যপদ বাতিলের উদ্যোগ নেওয়া হয়। এমনকি চট্টগ্রামে তাঁর ওপর হামলার ঘটনাও ঘটানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তবে পরবর্তী সময়ে পুনরায় সংগঠনের সদস্যপদ ফিরে পাওয়ার কথাও উল্লেখ করেন এই সাবেক ছাত্রনেতা।
দ্বিতীয় পর্বের বক্তব্যে রাঙামাটি জেলা জামায়াতের অতীত অভ্যন্তরীণ বিরোধের বিস্তারিত তুলে ধরেছেন আবু তালেব। তাঁর ভাষ্য অনুযায়ী, তৎকালীন জেলা জামায়াতের আমির মরহুম শহিদুল্লাহ সাহেবকে কেন্দ্র করে সংগঠনের মধ্যে দুটি পৃথক বলয় তৈরি হয়েছিল। এর মধ্যে একটি পক্ষ তাঁর প্রতি অনুগত ছিল, অন্য পক্ষ নেতৃত্বের এককেন্দ্রিকতা ও সাংগঠনিক বৈষম্যের বিরোধিতা করত।
আবু তালেবের দাবি, ছাত্রশিবির থেকে বিদায় নেওয়া সাবেক দায়িত্বশীলদের জামায়াতের মূল সাংগঠনিক কার্যক্রমে যথাযথ মূল্যায়ন করা হতো না। তাঁদের অনেককে বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত করা হতো না এবং একপর্যায়ে অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
এ পরিস্থিতিতে জামায়াতের সংস্কারপন্থী কয়েকজন দায়িত্বশীল, ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ এবং তৎকালীন জেলা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারিসহ কয়েকজন মিলে নেতৃত্বের এককেন্দ্রিকতা ও ব্যক্তিকেন্দ্রিক বলয়ের বিরুদ্ধে অবস্থান নেন বলে দাবি করেছেন তিনি।
তাঁর বর্ণনা অনুযায়ী, বিষয়টি সমাধানের জন্য তাঁরা তৎকালীন জেলা আমিরের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যান। কিন্তু সেখানে তাঁদের বক্তব্য ইতিবাচকভাবে গ্রহণ না করে উল্টো সন্ত্রাসী আখ্যা দেওয়া হয় এবং পরবর্তী সময়ে তাঁর অনুসারীদের হামলার শিকার হতে হয় বলে অভিযোগ করেন আবু তালেব।
তিনি নিজেও ওই হামলায় গুরুতর আহত হয়েছিলেন বলে দাবি করেছেন। তাঁর ভাষ্য, হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি জ্ঞান হারান এবং দুই থেকে তিন ঘণ্টা পর তাঁর জ্ঞান ফেরে।
আবু তালেবের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে ২০০৯ সালের ওই ঘটনার পর রাঙামাটি জেলা জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন এবং বর্তমান নেতৃত্বের দীর্ঘ সময় ধরে একই পদে দায়িত্ব পালন।
তাঁর দাবি, ওই ঘটনার পর কেন্দ্রীয় জামায়াতের নেতৃত্ব তৎকালীন জেলা জামায়াতের পুরো আমির পরিষদ বাতিল করে। পরে কেন্দ্রীয় পর্যায়ের তদন্ত কমিটি রাঙামাটি সফর করে সংশ্লিষ্টদের বক্তব্য ও পরিস্থিতি পর্যালোচনা করে। ওই তদন্তের পর নতুন আমির পরিষদ গঠন করা হয় এবং বর্তমান জেলা আমির দায়িত্ব পান।
আবু তালেবের বক্তব্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ১৭ বছর ধরে একই ব্যক্তি রাঙামাটি জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছেন।
এ দীর্ঘ সময় একই পদে দায়িত্ব পালনকে সাংগঠনিক চর্চা, নেতৃত্ব বিকাশ ও জবাবদিহির দৃষ্টিকোণ থেকে পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।
তাঁর বক্তব্যে উঠে এসেছে, যে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি, সিন্ডিকেট সংস্কৃতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে একসময় তাঁরা আন্দোলন করেছিলেন, বর্তমান বাস্তবতায় সেসব চর্চা আবারও ফিরে এসেছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
নিজের বক্তব্যের শেষাংশে অ্যাডভোকেট আবু তালেব বলেছেন, তাঁর প্রতিবাদের উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে হেয় করা নয়। বরং অতীতের অভিজ্ঞতা তুলে ধরে সংগঠনে আদর্শিক রাজনীতি, যোগ্যতার মূল্যায়ন, নেতৃত্বের জবাবদিহি, স্বচ্ছতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেওয়া।
তিনি তাঁর বক্তব্যে আল্লামা সাঈদী ও শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ ও চিন্তাধারার আলোকে একটি আদর্শিক সাংগঠনিক কাঠামো গড়ে তোলার প্রত্যাশার কথাও উল্লেখ করেছেন।
এদিকে, তাঁর ধারাবাহিক বক্তব্যের দ্বিতীয় পর্বের শেষে 'চলবে' উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে আরও বক্তব্য আসার ইঙ্গিত পাওয়া গেছে।