পঞ্চগড়ের আটোয়ারীতে স্বর্ণের চেইন বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আসল স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। পরে তাঁদের পঞ্চগড়ের বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।
আটক দুই নারী হলেন রংপুর জেলার পীরগঞ্জ থানার লালমিঠিপুর গ্রামের লাল মিয়ার মেয়ে নাসিমা বেগম (৪১) এবং একই এলাকার সাইদুর রহমানের স্ত্রী শাহানারা বেগম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুরে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের মামনি জুয়েলার্সে স্বর্ণের চেইন বিক্রি করতে যান ওই দুই নারী। দোকানের মালিক নিপেন চন্দ্র ঘোষ চেইনটি পরীক্ষা-নিরীক্ষা ও ওজন করে এর মূল্য দেড় লাখ টাকা নির্ধারণ করেন।
পরে দোকানমালিক ড্রয়ার থেকে টাকা বের করার সময় কৌশলে আসল স্বর্ণের চেইনটি সরিয়ে তার পরিবর্তে একটি নকল (ইমিটেশন) চেইন তাঁর হাতে ধরিয়ে দেন ওই দুই নারী। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক আটোয়ারী থানা পুলিশকে খবর দেন দোকানমালিক।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের জিজ্ঞাসাবাদ করে। পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাঁদের ব্যাগ তল্লাশি করে আসল স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটক দুই নারী একটি প্রতারক চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বর্ণের দোকানে গিয়ে একই কৌশলে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আটোয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই নারীকে পঞ্চগড়ের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।