সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রবেশমুখে নির্মিত ‘বেলকুচিতে স্বাগতম’ তোরণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার মাইঝাইল গ্রামে এ তোরণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলার প্রবেশমুখে নির্মিত দৃষ্টিনন্দন তোরণটি বেলকুচিতে আগত অতিথি ও পথচারীদের স্বাগত জানানোর পাশাপাশি উপজেলার পরিচিতি তুলে ধরবে। এর মাধ্যমে বেলকুচির সৌন্দর্য ও ঐতিহ্য আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
তোরণের ফলক থেকে জানা যায়, ‘স্বাগতম’ তোরণটির নির্মাণকাজ বাস্তবায়ন করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। স্থানীয়দের মতে, উপজেলার প্রবেশপথে এমন একটি তোরণ নির্মাণ বেলকুচির পরিচিতি বাড়ানোর পাশাপাশি সৌন্দর্যবর্ধনেও ভূমিকা রাখবে।