ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বে-সরকারি হাসপাতাল ও একটি হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম শহরের কুমারশীল মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে কুমারশীল মোড়ের ভাত ভর্তা হোটেল এন্ড বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা, প্রয়োজনীয় অনুমোদন ও স্বাস্থ্যসেবা প্রদানে নানা অনিয়মের কারনে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে ২ লাখ টাকা এবং ট্রমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর আওতায় এ অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-জামী মুহতাসিম মুইন, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আহমেদ ফয়সাল আব্বাসসহ এসআরবি-৯-এর সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার ৩ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।