পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাড়েয়া বটতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ধনঞ্জয় চন্দ্র ওই গ্রামের অনুকূল চন্দ্র বর্মনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ধনঞ্জয় চন্দ্র নিজের শিম ক্ষেতে সেচের পানি দিতে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্টসার্কিটের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা শিম ক্ষেতের মধ্যে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় একটি ইউডি ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।