যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসথ পালিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, ওসি শফিকুল ইসলাম, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আলী আকবর, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম ইকবাল হোসেন রাজু ও মুক্তিযোদ্ধা বয়েত রেজা বক্তব্য রাখেন। পরে অতিথিরা এ দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরে বলেন, তৎকালীন জাতীয় সংকটময় মুহূর্তে সিপাহি ও জনতার এই ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত করেছিল। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। এ ছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।