সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব।
ভোরের আলো ফোটার আগেই শুভ সন্ধ্যা সৈকতে জড়ো হতে থাকেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূর্যদেবকে প্রণাম ও উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে নামেন পুণ্যার্থীরা।
পুণ্যলাভের আশায় এবং পরলোকগত স্বজনদের আত্মার শান্তি কামনায় সৈকতপাড়ে প্রার্থনা করেন তাঁরা। এ সময় মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য নিবেদনসহ নানা ধর্মীয় আচার পালন করা হয়।
উৎসব উপলক্ষে বরগুনার বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে শত শত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক শুভ সন্ধ্যা সৈকতে ভিড় জমান। তাঁদের পদচারণায় দীর্ঘ সৈকত মুখর হয়ে ওঠে। ধর্মীয় আচারের পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন হলেও শুভ সন্ধ্যা সৈকতের রাস উৎসব এখন স্থানীয়ভাবে সর্বজনীন আমেজ পেয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও উৎসবের পরিবেশ উপভোগ করতে ছুটে আসেন।
এর আগে, গতকাল রাতে তালতলীর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কীর্তন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, বিপুলসংখ্যক ধর্মপ্রাণ নারী-পুরুষ শুভ সন্ধ্যা সৈকতে পুণ্যস্নানে অংশ নিয়েছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উৎসবটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।