‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’—এমন হুমকির চিরকুটসহ বোমাসদৃশ একটি বস্তু উদ্ধারকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার নওদাপাড়া এলাকার নবীনপুর গ্রাম থেকে বস্তুটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনপুর গ্রামের একটি খেলার মাঠের পাশে নির্মাণাধীন ভবনের পিলারের ওপর কালো কচটেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

উদ্ধার করা বস্তুটির সঙ্গে একটি চিরকুট লাগানো ছিল। চিরকুটে প্রেমিকাকে উদ্দেশ করে লেখা ছিল—‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, কোনো এক যুবক তাঁর প্রেমিকাকে উদ্দেশ করে হুমকি দেওয়ার জন্য জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ বস্তুটির গায়ে ওই চিরকুট লাগিয়ে রেখে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রেমিকাকে উদ্দেশ করে এমন হুমকির চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা গাংনী থানায় এবারই প্রথম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।