মানিকগঞ্জের হরিরামপুরে একই রাতে প্রায় দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে। এতে এক স্বর্ণ ব্যবসায়ী ও এক মুদি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। পরপর দুই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকারের ওপর হামলা ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত মনোরঞ্জন কর্মকার উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত জীবন কর্মকারের ছেলে। তিনি লেছড়াগঞ্জ বাজারে স্বর্ণের ব্যবসা করেন। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ছিনিয়ে নেওয়া ব্যাগে কোনো স্বর্ণালংকার ছিল না বলে জানা গেছে।
এর প্রায় দুই ঘণ্টা পর রাত ১০টার দিকে উপজেলার বয়রা ইউনিয়নের পূর্ব যাত্রাপুর এলাকায় দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। এবার হামলার শিকার হন মুদি ব্যবসায়ী মো. সবুজ মিয়া। তিনি বয়রা ইউনিয়নের শেখ হাতেম আলী মীরের ছেলে এবং কান্ঠাপাড়া বাজারে একটি মুদি দোকান পরিচালনা করেন।
স্থানীয় সূত্র জানায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর ঘরের গেটের তালা খুলতে যান সবুজ মিয়া। এ সময় পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুই হামলার শিকার ব্যবসায়ীর পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো ব্যবসায়ী এমন হামলার শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম মুঠোফোনে জানান, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের খোঁজখবর নিয়েছে। প্রাথমিকভাবে দুটি ঘটনারই তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।
একই রাতে পৃথক ঘটনায় দুই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় লেছড়াগঞ্জ ও কান্ঠাপাড়া বাজারসহ আশপাশের এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে এলাকায় পুলিশের নজরদারি ও টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।