মানিকগঞ্জের হরিরামপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে ধর্মীয় আলোচনা, নসিহত ও দোয়ার মধ্য দিয়ে সমবেত হন বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মো. রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআনের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হযরত মুফতি আলী আকবর সাহেব। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা মুফতি জুবাইর বিন আব্দুল কুদ্দুস সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, চালা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ (চুন্নু)সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
আলোচকরা তাঁদের বক্তব্যে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা এবং ইসলামের আদর্শ অনুসরণ করে প্রকৃত মুমিন হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।
মাহফিলের শুভেচ্ছান্তে ছিলেন লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এস.এম. ফিরোজ আহমেদ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।