নেত্রকোণা শহরের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন খেলার মাঠে আয়োজিত মেলা অবিলম্বে বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন শহরের সচেতন নাগরিক ও স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে মেলার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, ধর্মীয় কার্যক্রম, স্বাভাবিক যান চলাচল ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মাঠটি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা এবং শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম উন্মুক্ত স্থান। কিন্তু সেখানে মেলার প্যান্ডেল, বিভিন্ন স্টল ও রাইড স্থাপনের ফলে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে।
এতে আরও বলা হয়, বর্তমানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রি-টেস্ট এবং বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে মেলা থেকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম বাজানো এবং দর্শনার্থীদের কোলাহলে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ ছাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনেই মেলার আয়োজন করায় মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় ইবাদত-বন্দেগিতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
মেলাকে কেন্দ্র করে সড়কে যানজট, বহিরাগতদের আনাগোনা, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, সরকার যেখানে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে খেলার মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে, সেখানে শহরের বিদ্যমান একটি গুরুত্বপূর্ণ খেলার মাঠে মেলার আয়োজন তাদের খেলাধুলার সুযোগ সংকুচিত করছে।
এ অবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, মসজিদের ধর্মীয় পরিবেশ ও পবিত্রতা রক্ষা, মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে মেলাটি অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
নেত্রকোণা শহরের সর্বস্তরের সচেতন নাগরিক ও স্থানীয় এলাকাবাসীর পক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়।
এদিকে, মেলার বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নেত্রকোণা জেলা খেলাফত আন্দোলনের সদস্যসচিব ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “বাণিজ্য মেলার বিষয়ে শিগগিরই আমাদের ফোরাম থেকে মসজিদসংলগ্ন এই মেলার বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে।”