ফেসবুকে পেজ খুলে বিভিন্ন পণ্যের ভুয়া বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া পোলের বাজার এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন-খড়রিয়া পূর্বপাড়ার সজল শেখ (২১) এবং হেলাল উদ্দিন কাজী (৪২)।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের সংশ্লিষ্ট রয়েছে। তারা পলাতক আছেন।
পুলিশ জানায়, সজল শেখ ও হেলাল উদ্দিন কাজীসহ তাদের লোকজন ফেসবুক ছাড়াও অনলাইন মাধ্যমে বিভিন্ন পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন, কম দামে পণ্য সরবরাহ এবং চাকরির প্রলোভন দিয়ে গ্রাহকদের ঠকিয়ে আসছেন। এভাবে বিজ্ঞাপন দিয়ে অপকৌশলে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিতো এই চক্রটি।
‘মাই মোবাইল শপ’, ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘শামীম ইলেকট্রনিক ফ্যান’, ‘রাজ ইলেকট্রনিক ফ্যান’ ও ‘উইন্টার গ্যালারি বিডি’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করে আসছে এরা।
হেলাল উদ্দিন কাজী বিকাশ এজেন্ট হিসেবে ক্যাশ আউট করার কাজে সহযোগিতা করতেন। এ ক্ষেত্রে প্রচলিত চার্জের চেয়েও বেশি টাকা নিতো সজল শেখের কাছ থেকে।এবিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, সজল ও হেলাল উদ্দিনের নামে মামলা দায়ের হয়েছে। তাদের কাছ থেকে জব্দকৃত দু’টি স্মার্ট মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও ১০ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।