জয়পুরহাটের কালাই থানার ভেতরে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে আঘাত করার অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনার পর পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুধবার(২১অক্টোবর)দুপুর ২টায় তাঁকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার(১৯ অক্টোবর)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসলাম হোসেন কালাই পৌরসভার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়,দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন আসলাম।পুলিশ সদস্যরা তাঁর পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি হঠাৎ কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে আঘাত করেন। এতে রকির বাম চোয়ালে রক্তাক্ত জখম হয়।
পরে তাঁকে থামানোর চেষ্টা করলে ড্রাইভার কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন আসলাম। এতে তাঁর পিঠে ছিলা ও ফোলা জখম হয়। একই সময় এগিয়ে এলে এসআই (নিরস্ত্র) আহসান হাবিবের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগে।
এ সময় অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যান আসলাম। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কালাই থানা পুলিশ। আহত তিন পুলিশ সদস্য হলেন কনস্টেবল মাহমুদুল হাসান রকি, ড্রাইভার কনস্টেবল মাসুদ রানা ও এসআই (নিরস্ত্র) আহসান হাবিব। তাঁদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি)ও এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সময় আমি মন্ত্রী মহোদয়ের ডিউটিতে ছিলাম।পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করা হয়েছে।ওসি আরও জানান, গ্রেপ্তার আসলাম হোসেনকে বুধবার দুপুরে জয়পুরহাটের আদালতে পাঠানো হয়েছে।