নওগাঁঁয় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

Date: 2022-10-05
news-banner


মাহাবুব হাসান মারুফ, নওগাঁ প্রতিনিধি: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙ্গালি হিন্দু ধর্মাবলম্বী মানুষের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। নওগাঁয় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নওগাঁ শহরের বুক চিরে যাওয়া ছোট যমুনা নদীর প্রায় ৫ কিলোমিটারজুড়ে প্রতিমাবাহী নৌকা ভাসিয়ে উৎসব করেন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। এ সময় নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজারো মানুষ নৌবহরের এ নয়নাভিরাম দৃশ্য উপভোগ করেন।
দুপুর থেকেই নওগাঁ পৌরসভা ও এর আশপাশের বিভিন্ন মন্ডপ থেকে ট্রাক কিংবা ভ্যানে করে প্রতিমা নিয়ে এসে শহরের লিটন ব্রিজ ঘাটে সেগুলোকে নৌকায় তুলেন ভক্তরা। পরে সন্ধ্যা পর্যন্ত প্রতিমাবাহী নৌকাগুলো নদীতে ভাসতে থাকে। প্রতিমাবাহী নৌকা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসা হিন্দু ধর্মাবলম্বী নৌকা ভাড়া নৌবহরে অংশ নেন। নৌকায় নৌকায় ঢাক-ঢোল, কাঁসর আর মাইকে গানের শব্দে মুখর হয়ে উঠে ছোট যমুনার নদীর পাঁচ কিলোমিটার ব্যাপী এলাকা। বিজয়া দশমী উপলক্ষে ছোট যমুনায় হওয়া নৌবহরের এ নয়নাভিরাম দৃশ্য দেখতে নদীর তীরে জমে হাজারো মানুষ। সন্ধ্যায় নদী বক্ষে নিজ নিজ মন্ডপের প্রতিমা বিসর্জন দেন ভক্তরা। এর মধ্য দিয়ে শেষ হয় বাঙ্গালি হিন্দু ধর্মাবলম্বী মানুষের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।
এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে সকাল থেকেই ছোট যমুনা নদীর পূর্ব তীরে ধোপাপাড়া ও আলুপট্টি এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় মিষ্টান্নসহ বিভিন্ন ধরণের খাবার, মাটির হাড়ি-পাতিল, ছোটদের জন্য হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
প্রতিমা বিসর্জন ও গ্রামীণ মেলা উপলক্ষে নওগাঁ শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। নওগাঁর ১১টি উপজেলায় এ বছর ৮২৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সব মন্ডপেই শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, নওগাঁয় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিজয়া দশমীর উপলক্ষে নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ স্থান, ছোট যমুনা নদীর দুই তীর ও এর আশপাশের এলাকায় র‌্যাব, বিজিবি, পুলিশসহ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়।

Leave Your Comments