কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ সাহাব উদ্দিন বলেছেন, অসুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সহায়তা অব্যাহত থাকবে। অসুস্থ, বিধবা, বয়স্ক, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন ভাতাসহ সমাজের অসহায় মানুষদের ভাতা প্রদান করছে বর্তমান সরকার।
তিনি বৃহস্পতিবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা ও ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বন ও পরিবেশ মন্ত্রী বলেন, সরকারের নিয়মিত সহায়তা প্রদান কর্মসূচি ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অসহায় মানুষের প্রতি বিশেষ সহায়তা প্রদান অব্যাহত আছে এবং বর্তমান সরকারের আমলে কেউই অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত থাকবে না। মন্ত্রী এসময় বিভিন্ন অসহায় মানুষের জনপ্রতি ১ লাখ, ২ লাখ, ৫ লাখ টাকা করে সহায়তা প্রদান করেন।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বড়লেখার অসুস্থ ৯ জনকে ৪ লাখ ৪৫ হাজার টাকার অর্থিক সহায়তার চেক এবং ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত ২টি এতিমখানার মাঝে ৫ লাখ ৬৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।