এস,এম, দ্বীন ইসলাম ( খুলনা ) প্রতিনিধি
খুলনা নগরীর চাঁনমাড়ী এলাকায় পলাশ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সৌরভ নামে অপর এক যুবক গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার ০৬ অক্টোবর দুপুর ১টায় নগরীর চানমারি খ্রিস্টান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পলাশ দক্ষিণ লবণচরা মাথাভাঙ্গা ভুতের আড্ডা নামক স্থানের ০২ নং গলি এলাকার বাসিন্দা শিপনের পুত্র।
স্থানীয়রা জানান,বেশ কয়েকজন দুর্বৃত্ত পলাশকে কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, চানমারি খ্রিস্টানপাড়া বালুর মাঠের সামনে পলাশ ও তার বন্ধু সৌরভ চা পান করছিলেন। কয়েকটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।