ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত- ২

Date: 2022-10-08
news-banner



মাহদী আব্দুল্লাহ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ মোটর সাইকেল আরোহী ২ জন নিহত ও একজন আহত হয়েছে। আজ শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার দাশুড়িয়া-লালন শাহ সেতুর মিরকামারী মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার হামলাইকুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইশতিয়াক আহমেদ (২৫) ও একই উপজেলার দেবোত্তর গ্রামের আহসান হাবিবের ছেলে সালাহউদ্দিন (২৪)। সালাহউদ্দিন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। দুর্ঘটনায় আহত আরিফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক বেলাল হোসেন জানান, মুন্নার মোড়ে যাত্রীবাহী মৌসুমী পরিবহনের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইশতিয়াক আহমেদ মারা যান। গুরুতর আহত অবস্থায় সালাহউদ্দিন ও আরিফুলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার সময় পথিমধ্যে সালাহউদ্দিন মারা যান। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও মটরসাইকেলটি জব্দ করে হাইওয়ে পুলিশ।

Leave Your Comments