কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জলমহাল সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে বর্নি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাইদ আলীসহ ৪ ব্যক্তি আহত হয়েছেন।
এব্যাপারে শনিবার (৮ অক্টোবর) দুপুরে আহতদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ইসলামপুর গ্রামের যমুনা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি জাফর উদ্দিনের সাথে হাকালুকির ‘মরুয়া বিল’ জলমহাল থেকে অবৈধভাবে মাছধরা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার দুপুরে জাফর উদ্দিনের পক্ষের লোকজন সৎপুর খালের দক্ষিণ পারে গিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে বর্নি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাইদ আলী, মো. কামাল উদ্দিন, সুরুজ আলী ও অপু মিয়া গুরুতর আহত হন। এদের ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, এব্যাপারে শনিবার দুপুরে আহতদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।