তারেক জিয়া ক্ষমতার লোভে কর্মীদের বিভ্রান্ত করছেন, শেখ পরশ

Date: 2022-10-11
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, তারেক জিয়া ক্ষমতার লোভে কর্মীদের বিভ্রান্ত করে ব্যবহার করছেন। কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে তারেক জিয়া রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। তাদের মিথ্যা আশ্বাস দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। যারা মারা যাচ্ছে তাদের দায়িত্ব কে নেবে বলে প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরো বলেন, আন্দোলনের নামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করছেন। তিনি নিজে নিরাপদে বিদেশে থেকে নেতাকর্মীদের রাস্তায় নামাচ্ছেন। প্রকৃত নেতা হলে দেশে এসে সম্মুখযোদ্ধা হিসেবে অবতীর্ণ হতেন।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়। 

জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

শেখ ফজলে শামস্ পরশ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি যুবলীগের দায়িত্ব নিয়েছি রাজনৈতিক সংস্কৃতির মূল ধারায় যুবলীগকে ফিরিয়ে আনতে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতা রক্ষা করতে দলীয় গ্রুপিং, মতপার্থক্য এবং ভেদাভেদ ভুলে গিয়ে এক হতে হবে সবাইকে। যাতে ঐক্যবদ্ধ মানবিক যুবলীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করবে।

সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিনি এমপি, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ প্রমুখ।

Leave Your Comments