মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন এস আই আকরাম হোসেন এর নেতৃত্বে জেলা পুলিশের একটি তদারকি টিম।
অভিযানকালে ভৈরব পৌর শহর কমলপুর এলাকার তোফাজ্জল রেস্টুরেন্টে মূল্য তালিকা না পাওয়ায় ২ হাজার টাকা, সততা ডিপার্টমেন্টাল স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় ৩ হাজার টাকা, মেসার্স তালুকদার পোলট্রি মেডিসিনে ডিমের দাম বেশি রাখার জন্য ২ হাজার টাকা, আনোয়ার পোলট্রি ফিড অ্যান্ড ডিমের আড়তে অনুমোদনহীন-ঠিকানাবিহীন পোলট্রি মেডিসিন বিক্রয় এবং ডিমের মূল্য বেশি নেওয়ায় ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ‘দৈনিক ডেল্টা টাইমস’ কে জানান, অসাধু ব্যবসায়ীরা মনগড়া মূল্য বৃদ্ধি করে ডিম ও পোল্ট্রি ফিডের বাজার অস্থিতিশীল করছে। ডিম ও পোল্ট্রি ফিডের বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে ডিম ও পোল্ট্রি ফিডের বাজার নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।