মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি:
ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে তেঁতুলিয়ার শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার তেঁতুলতলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় নারী-পুরুষ ও শিশু সহ সব শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজে শিশুদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড আশঙ্কাজনকহারে বাড়ছে। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে শিশুদের নিরাপত্তা চিরতরে বিঘ্নিত হবে।
সমাবেশ থেকে অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সাথে সারাদেশে বিভিন্ন সময় ঘটে যাওয়া ধর্ষণ, হত্যা সহ সকল অপরাধের জড়িত অপরাধীদের গ্রেফতারসহ কঠোর বিচার দাবি করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, তেঁতুলিয়ার পরিবেশ প্রেমী মাহমুদুল ইসলাম মামুন, সচেতন অভিভাবকের পক্ষে জাহাঙ্গীর আলম, মর্জিনা আক্তার মাহি সহ শিশুস্বর্গ ফাউন্ডেশনের কর্মী, স্থানীয় সচেতন নাগরিক এবং তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকরা।
একই সাথে শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা।