নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে পৌরসভার দৈলেরবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর আরিফুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে পৌরসভার দৈলেরবাগ এলাকার একটি ভাঙারির দোকানের সামনে পাকা রাস্তা থেকে মোঃ খোকন (৪৩) ও মোস্তফা (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক খোকনের বাড়ি সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় হলেও তিনি সোনারগাঁয়ের কোম্পানীগঞ্জ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপর আটক মোস্তফার বাড়ি দৈলেরবাগ এলাকায়।
পুলিশ আরও জানায়, আটক খোকনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ২০০৬ সালে সোনারগাঁ থানায় দায়ের হওয়া ওই মামলায় তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আনা হয়েছিল।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।