সাড়ে ৫ লাখ ডলারে বিক্রি হলো কারাবন্দী ধনকুবেরের হাতব্যাগ

Date: 2026-05-23
news-banner

মাত্র আধা ঘণ্টার নিলামেই বদলে গেল দুটি বিলাসবহুল হাতব্যাগের মালিকানা। চুয়োং মি লান-এর জব্দ করা দুটি বিরল হাতব্যাগ বিক্রি হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ডলারের বেশি দামে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ কোটিরও বেশি।

ব্যাগ দুটি ছিল ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড Hermès-এর জনপ্রিয় Birkin Bag সিরিজের। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল সাদা রঙের একটি কুমিরের চামড়ার বিরকিন ব্যাগ। সরকারিভাবে আয়োজিত নিলামে ব্যাগটির দাম উঠেছে ৪ লাখ ৪০ হাজার ১৪৪ ডলার। অন্য ব্যাগটি বিক্রি হয়েছে ৯৪ হাজার ৮৫৮ ডলারে।

বর্তমানে চুয়োং মি লান যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ভিয়েতনামের একটি বড় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। একই সঙ্গে আদালত তাঁকে প্রায় ২ হাজার ৭০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন।

২০২৪ সালের এপ্রিলে আদালত প্রথমে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল। রায়ে বলা হয়, তিনি গোপনে Saigon Commercial Bank নিয়ন্ত্রণ করতেন এবং একাধিক কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ১০ বছরের বেশি সময় ধরে ব্যাংক থেকে বিপুল অর্থ সরিয়ে নেন। আত্মসাৎ করা অর্থের পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলার।

তবে পরে ভিয়েতনামে বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ডের বিধান শিথিল হওয়ায় গত জুনে তাঁর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়।

বিচার চলাকালে চুয়োং আদালতের কাছে ব্যাগ দুটি নিজের কাছে রাখার আবেদন করেছিলেন। তিনি দাবি করেন, একটি ব্যাগ ইতালি থেকে কেনা হয়েছিল এবং অন্যটি মালয়েশিয়ার এক ব্যবসায়ীর উপহার। তাঁর ভাষায়, ব্যাগ দুটি তিনি সন্তান ও নাতি-নাতনিদের জন্য “স্মৃতিচিহ্ন” হিসেবে রেখে যেতে চেয়েছিলেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, হো চি মিন সিটি-র অ্যাসেট অকশন সার্ভিস সেন্টারে গত সোমবার বিভিন্ন মামলায় জব্দ করা প্রায় ১ হাজার ২০০টি সম্পদ নিলামে তোলা হয়। এর মধ্যেই ছিল কুমিরের চামড়ার তৈরি এই দুই বিরল বিরকিন ব্যাগ।

Leave Your Comments