মার্কিন গোয়েন্দা প্রধানের পদ থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ
Date: 2026-05-23
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২২ মে) এক বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানান বলে জানা গেছে।
ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গ্যাবার্ড তার স্বামীর বিরল অস্থি ক্যানসারের চিকিৎসা ও পাশে থাকার জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগ আগামী ৩০ জুন থেকে কার্যকর হবে।
পদত্যাগপত্রে তিনি লেখেন, “আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন এবং দেড় বছর ধরে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। তবে দুঃখজনকভাবে আমাকে পদত্যাগ করতে হচ্ছে, যা ৩০ জুন থেকে কার্যকর হবে।”
তিনি আরও জানান, তার স্বামী আব্রাহাম সম্প্রতি বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং সামনে তাকে বড় ধরনের চিকিৎসা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
গ্যাবার্ড বলেন, “এই সময়ে আমাকে জনসেবা থেকে সরে দাঁড়াতে হচ্ছে, যাতে আমি আমার স্বামীর পাশে থাকতে পারি এবং তাকে পূর্ণ সমর্থন দিতে পারি। তিনি সবসময় আমার শক্তির জায়গা ছিলেন।”
তার পদত্যাগের পর যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের নেতৃত্বে পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।