সাভারে সংবাদ সংগ্রহে গিয়ে মাদক কারবারির হামলার শিকার সাংবাদিক, আটক ৪

Date: 2026-05-23
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিকসহ চারজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

গতকাল শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

আহতরা হলেন দেশ টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক তাইফুর রহমান, ক্যামেরাপারসন কাইয়ুম, চালক জয়নাল এবং এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন।

সাংবাদিকদের অভিযোগ, মাদক ব্যবসা ও এর বিস্তার নিয়ে তথ্য সংগ্রহের সময় একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেলে স্থানীয় মাদক কারবারি শামীম ও তার সহযোগীরা দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং ছুরিকাঘাতসহ মারধরের ঘটনা ঘটে।

আহত সাংবাদিকদের দাবি, হামলাকারীরা তাদের জোরপূর্বক একটি গ্যারেজে নিয়ে গিয়ে সেখানে আরও নির্যাতন চালায়।

পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহতদের মধ্যে একজনের চোখে আঘাত থাকায় তাকে ন্যাশনাল আই ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, আহতদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং একজনের অবস্থা গুরুতর হলেও অন্যজন স্থিতিশীল রয়েছেন।

সাভার মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্তসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave Your Comments