পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে স্থানীয় সময় আজ সোমবার, ৮ জিলহজ। গতকাল রোববার রাত থেকে আল্লাহর মেহমান হজযাত্রীরা পবিত্র মক্কা নগরী থেকে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। হাজিদের মিনায় নিয়ে যাওয়ার জন্য মাঠপর্যায়ের পরিবহন, আবাসন ও অন্যান্য সেবার সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। স্থানীয় সৌদি নাগরিকসহ আরও কয়েক লাখ হজযাত্রীও এতে অংশ নিচ্ছেন। সুন্নত অনুসরণ করে হাজিরা তালবিয়া পাঠ করতে করতে মিনার তাঁবুনগরীর দিকে রওনা দিচ্ছেন।
হজযাত্রীদের নিরাপদ যাতায়াত, আবাসন ও সেবার মান নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মিনায় তাঁবুতে প্রবেশ, খাবার ও পরিবহন ব্যবস্থাপনা এবং নির্দেশনা সেবা সহজ করতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়া যেকোনো ধরনের সমস্যা দ্রুত সমাধানের জন্য মাঠপর্যায়ের নজরদারি ও সমন্বয় ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হজ মন্ত্রণালয় জানিয়েছে, সেবার মান উন্নত করতে এবং হাজিদের অভিজ্ঞতা স্বস্তিদায়ক করতে নিয়মিত পরিদর্শন কার্যক্রমও পরিচালিত হচ্ছে।