চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ বলেছিলেন ট্রাম্প, এখন বলছেন ‘তাড়াহুড়া না করতে’

Date: 2026-05-25
news-banner


ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে মার্কিন আলোচকদের ‘তাড়াহুড়া না করার’ নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আলোচনা এগোচ্ছে গঠনমূলকভাবে, তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় নেওয়া জরুরি।

প্রস্তাবিত চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, উভয় পক্ষকেই ধৈর্য ধরে বিষয়টি ‘সঠিকভাবে সম্পন্ন’ করতে হবে।

এর আগে গত শনিবার তিনি দাবি করেছিলেন, আলোচনার মাধ্যমে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সময়ে ইরানি কর্মকর্তারাও আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দুই পক্ষ একই সঙ্গে ‘খুব কাছে’ এবং ‘খুব দূরে’ অবস্থানে রয়েছে।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি এখনো চূড়ান্ত কোনো সমঝোতা নয়। প্রস্তাবিত কাঠামোতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত তহবিল মুক্ত করা এবং পারমাণবিক কর্মসূচি সীমিত করার দাবি।

প্রস্তাবিত চুক্তি রিপাবলিকান দলের ভেতরে বিভক্তি তৈরি করেছে। দলের একাংশ মনে করছে, এটি ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়তা হতে পারে।

এদিকে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বজায় রেখেছে।

ট্রাম্প রোববার তাঁর পোস্টে আরও বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। অন্যদিকে তেহরান বারবার দাবি করছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

Leave Your Comments