সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ গৃহবধূ, সকালে মিলল পোড়া লাশ

Date: 2026-06-01
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার একটি সড়কের পাশ থেকে আগুনে পোড়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ফজিলপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম নাসিমা আক্তার (৩৬)। তিনি রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের আবদুল্লাহর স্ত্রী এবং তিন সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে ফজিলপুর গ্রামের একটি সড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নাসিমা আক্তারের বলে শনাক্ত করেন।

দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্বজনদের ভাষ্যমতে, গত রোববার নাসিমা আক্তার তাঁর দুই সন্তানকে নিয়ে হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তিনি একা বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে আত্মীয়ের বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে ফজিলপুর গ্রামে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।

হরিপুর থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, মরদেহের মুখের এক পাশ ও পিঠের কিছু অংশে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave Your Comments