বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে ইউরোপ ও আটলান্টিক অঞ্চলের লাখ লাখ মানুষ

Date: 2026-06-01
news-banner

ইউরোপ, উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের কিছু অংশজুড়ে আগামী ১২ আগস্ট দেখা যাবে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে দশকের অন্যতম গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা হিসেবে আখ্যায়িত করছেন।

ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) তথ্য অনুযায়ী, পূর্ণ সূর্যগ্রহণের পথ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড এবং স্পেনের বিস্তীর্ণ অংশ অতিক্রম করবে। এসব এলাকার পর্যবেক্ষকেরা কয়েক মিনিটের জন্য চাঁদকে সম্পূর্ণভাবে সূর্যকে আড়াল করতে দেখতে পাবেন।

বিজ্ঞানীরা বলছেন, ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের এত বিস্তৃত অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ফলে জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশপ্রেমী ও পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্পেন ও আইসল্যান্ড থেকে সূর্যগ্রহণটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। ইতোমধ্যে স্পেনের বিভিন্ন পর্যটন এলাকায় হোটেল বুকিং বেড়ে গেছে এবং বিপুলসংখ্যক দর্শনার্থীকে স্বাগত জানাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ছাড়া ইউরোপের বড় একটি অংশ, উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়া।

সূর্যগ্রহণ পর্যবেক্ষণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, অনুমোদিত সোলার ভিউয়িং গ্লাস ছাড়া সরাসরি সূর্যের দিকে তাকানো বিপজ্জনক এবং এতে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। তবে পূর্ণ গ্রহণের সময়, যখন চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে দেয়, তখন অল্প সময়ের জন্য খালি চোখে তা দেখা নিরাপদ বলে বিবেচিত হয়।

উল্লেখ্য, এই বিরল সূর্যগ্রহণের পর ২০২৭ সালের ২ আগস্ট আরেকটি বহুল প্রতীক্ষিত পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে, যা মিসরসহ কয়েকটি আরব দেশ থেকে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Leave Your Comments