গভীর রাতে টর্চলাইটের আলোয় চার গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Date: 2026-06-01
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

হবিগঞ্জ সদর উপজেলায় গভীর রাতে টর্চলাইটের আলোয় চার গ্রামের মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের এক যুবককে মাদক সেবনের অভিযোগে পাশের চরহামুয়া গ্রামের কয়েকজন ব্যক্তি আটকে রাখেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বনদক্ষিণ ও সুলতানশী গ্রামের লোকজন একদিকে এবং চরহামুয়া ও বনগাঁও গ্রামের লোকজন অন্যদিকে অবস্থান নেন।

প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। রাতের অন্ধকারে টর্চলাইটের আলো ব্যবহার করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। চারদিকে চিৎকার, হইচই ও দৌড়াদৌড়িতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে আহত অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি কাঁদানে গ্যাসের শেল ও চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত প্রায় ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, চার গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল থেকে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave Your Comments