পশ্চিমবঙ্গে শুভেন্দু সরকারের মন্ত্রিসভায় স্থান পেলেন আরও ৩৫ বিধায়ক, নিলেন শপথ

Date: 2026-06-01
news-banner

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণের অংশ হিসেবে সোমবার ৩৫ জন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে রাজ্যের মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।

কলকাতার লোকভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টনের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, দুধকুমার মণ্ডল, দীপক বর্মণ, মনোজ ওঁরাও এবং গৌরীশঙ্কর ঘোষ।

স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ এবং মালতী রাভা রায়।

এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জোয়েল মুর্মু, অশোক দিন্দা, আনন্দময় বর্মণ, কৌশিক চৌধুরী, গার্গী দাস ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, সুমনা সরকার, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী ও উমেশ রাইসহ আরও কয়েকজন বিধায়ক।

সূত্র জানিয়েছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের ফলে বিভিন্ন দপ্তরে রদবদল আনা হতে পারে। এ লক্ষ্যে নতুন করে দায়িত্ব বণ্টনের প্রস্তুতি চলছে।

গত সপ্তাহে নয়াদিল্লিতে রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন মন্ত্রিসভা সরকারের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

Leave Your Comments