সারাদেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে গণ অধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার পুরানা পল্টনে আয়োজিত কেন্দ্রীয় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশে বিশাল সমাগম ঘটিয়ে যোগদান করেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা শাখা।
আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা ৩টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
কেন্দ্রীয় এই মহাসমাবেশ সফল করতে দুপুরের পর থেকেই গজারিয়া উপজেলা গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের সর্বস্তরের নেতা-কর্মীরা সুসজ্জিত হয়ে ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হতে থাকেন। গজারিয়া উপজেলার বিশাল বহর ও সুশৃঙ্খল উপস্থিতি পুরো কেন্দ্রীয় কর্মসূচিতে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করে।
গজারিয়া উপজেলা গণ অধিকার পরিষদের নেতা ও মুন্সীগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক আবু তাহের বলেন, "জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গজারিয়াবাসী সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কেন্দ্রের যেকোনো নির্দেশনা ও আগামী দিনে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গজারিয়া উপজেলা গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।"
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা পল্টন মোড় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গজারিয়া উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও রাজপথ কাঁপানো স্লোগান কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।