শেখ হাসিনার প্রত্যাবর্তনের স্লোগান, কারাবন্দি নেতাদের মুক্তি দাবি, পুলিশের তদন্ত শুরু। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎই সক্রিয় হয়ে উঠলেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার ( ৬ নভেম্বর )সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। প্রকাশ্যে এমন মিছিলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মিছিলটির কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ব্যানার হাতে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী সড়কে মিছিল করতে দেখা যায়। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষিত প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের এলাকা।
শুধু দলীয় স্লোগানেই সীমাবদ্ধ ছিল না মিছিলটি। জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিও তোলেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতের দেওয়া রায় প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন তারা।
মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের যুবলীগ-ছাত্রলীগের একাধিক নেতাকে দেখা গেছে। তাদের মধ্যে ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মোঃ মুন্না, এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী আশিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী।
এদিকে মিছিলের ভিডিও পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া। তিনি জানান, মিছিলের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। এটি কোথায় এবং কীভাবে অনুষ্ঠিত হয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ঝটিকা মিছিল ঘিরে এখন প্রশ্ন উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে সংগঠিত হয়ে মহাসড়কে মিছিল করার সুযোগ পেলেন? বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিষয়ে পুলিশের তদন্তের দিকেই এখন নজর স্থানীয়দের।