বরগুনার আমতলীতে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের কড়ইবুনিয়া শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ওই সময় ব্যাংক তালাবদ্ধ ছিল। দুর্বৃত্তরা কলাপসিবল গেটের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে ব্যাংকের লোকজন ছুটে এলেও তার আগেই আগুন নিভে যায়। এতে ব্যাংকের কোনো আসবাবপত্র বা কাগজপত্রের ক্ষতি হয়নি।
এ বিষয়ে কড়ইবুনিয়া শাখার ব্যবস্থাপক দেবরাজ পাল বলেন, মঙ্গলবার সকালে এ ঘটনায় আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আমতলী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মঙ্গলবার ১০ নভেম্বর সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।