ঘর পেয়েছেন, তবে কাটেনি নাগরিক দুর্ভোগ। চিকিৎসা, শিক্ষা, নিরাপদ পানীয় জল ও যাতায়াতব্যবস্থার অভাবে দীর্ঘদিন ধরে নানা সংকটে দিন কাটাচ্ছেন নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হেমনগর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। এবার তাঁদের সেই কষ্ট ও প্রত্যাশার কথা সরাসরি শুনতে তাঁদের কাছে ছুটে গেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ নভেম্বর) হেমনগর আশ্রয়ণ প্রকল্প এলাকায় ব্যতিক্রমী এ মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করে খালিয়াজুরী অফিসার্স ক্লাব। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা অংশ নেন।
সভায় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, এলাকায় পর্যাপ্ত চিকিৎসাসেবা না থাকায় অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য দূরদূরান্তে যেতে হয়। শিশুদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সুযোগ-সুবিধার অভাব রয়েছে। পাশাপাশি নিরাপদ পানীয় জলের সংকট এবং যোগাযোগব্যবস্থার দুরবস্থায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়।
বাসিন্দাদের দাবি, শুধু মাথা গোঁজার ঠাঁই পেলেই জীবনযাত্রার মান উন্নত হয় না। একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রয়োজন চিকিৎসা, শিক্ষা, বিশুদ্ধ পানি এবং উন্নত যোগাযোগব্যবস্থাসহ মৌলিক নাগরিক সুবিধা।
অনুষ্ঠানে শুরুতে বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উন্মুক্ত আলোচনায় বাসিন্দাদের বক্তব্য ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন উপস্থিত কর্মকর্তারা।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা শাকিল আহমেদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), মৎস্য কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হেমনগর আশ্রয়ণ প্রকল্পকে শুধু একটি আবাসনকেন্দ্র হিসেবে নয়, বরং শিক্ষা, চিকিৎসা, নিরাপদ পানি, যোগাযোগ ও অন্যান্য নাগরিক সুবিধাসম্পন্ন একটি আধুনিক গ্রাম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ স্বাধিন বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাঁদের মৌলিক অধিকার নিশ্চিত করা প্রশাসন, রাজনৈতিক দল ও সমাজের সচেতন মানুষের দায়িত্ব।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টু বলেন, শিক্ষা, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও যোগাযোগব্যবস্থার সমস্যাগুলো শুধু আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে সমাধান করতে হবে। এ ক্ষেত্রে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।
আনুষ্ঠানিক আলোচনা শেষে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, সরকারি কর্মকর্তা ও অতিথিরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সাধারণ মানুষের সঙ্গে একই জায়গায় বসে তাঁদের কথা শোনা এবং একসঙ্গে খাবার খাওয়ার এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, উন্নয়ন মানে শুধু ঘর নির্মাণ নয়; মানুষের মৌলিক চাহিদা পূরণ, তাঁদের সমস্যার কথা শোনা এবং পাশে দাঁড়ানোও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
তবে সভায় দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। তাঁদের আশা, সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর উদ্যোগে একদিন হেমনগর আশ্রয়ণ প্রকল্প হয়ে উঠবে নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আধুনিক ও বসবাসযোগ্য গ্রাম।