মানিকগঞ্জের হরিরামপুরে জরাজীর্ণ বিদ্যালয় ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান চলছে কোমলমতি শিক্ষার্থীদের। এরই মধ্যে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে আহত হয়েছে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকর সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো দ্বিতীয় শ্রেণির ছাত্র আমির হামজা ও অর্ক। আমির হামজা দিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। ফ্যানের ঘূর্ণায়মান পাখার আঘাতে আমির হামজার নাক ও চোখে গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। একই ঘটনায় আহত অর্ককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। এ সময় হঠাৎ ওপর থেকে সিলিং ফ্যানটি খুলে শিক্ষার্থীদের পাশে পড়ে যায়। ফ্যানের পাখার আঘাতে দুই শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল কাজল বলেন, “আমাদের বিদ্যালয়ের টিনশেড ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন অংশের টিন ভেঙে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে। এর আগে কোনো রকমে মেরামত করা হলেও তাতে তেমন কাজ হয়নি। ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদে পাঠদানের জন্য পুরোনো জরাজীর্ণ ঘরটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।”
প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক লুৎফর রহমান বলেন, “অনাকাঙ্ক্ষিতভাবে আজ দ্বিতীয় শ্রেণির ক্লাসে ফ্যান ভেঙে পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছে। বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রায় এক মাস আগে ভবনটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি। দ্রুত মেরামত করা না হলে আবারও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আজকের ঘটনাটিও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।”
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “আজকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর আগে দুইবার বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ এসেছিল। কিন্তু জমিসংক্রান্ত জটিলতার কারণে সেই অর্থ ফেরত চলে গেছে। বিদ্যালয়ের ভেতরে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জায়গাটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ। আশ্রয়কেন্দ্রের তিনটি কক্ষ প্রাথমিক বিদ্যালয়ের ব্যবহারের কথা থাকলেও মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো ব্যবহার করতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা করে ওই ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেও কথা হয়েছে।”
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯২৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ব্যবহৃত জরাজীর্ণ টিনশেড ভবনটি নির্মাণ করা হয় ১৯৮৬ সালে। বিদ্যালয়ে বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। তবে শিক্ষকদের দাবি, ঝুঁকিপূর্ণ ভবনের কারণে আগের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
দীর্ঘদিনের জরাজীর্ণ ভবনে পাঠদান এবং শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিদ্যালয়টির অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। দ্রুত সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকেরা।