বান্দরবান জেলার লামা উপজেলায় সরই ইউনিয়নে অবৈধভাবে উত্তোলন ও মজুদ করা বিপুল পরিমাণ বালুর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭টি স্থান থেকে মোট ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরই ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করা হচ্ছিল। সুযোগ বুঝে দিনে-রাতে এসব বালু চট্টগ্রামসহ বিভিন্ন জেলা-উপজেলায় পাচার করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
অভিযান প্রসঙ্গে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, “লামায় যোগদানের পর অবৈধ বালুর বিরুদ্ধে এটি আমার প্রথম অভিযান। উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় পর্যায়ক্রমে সব অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালানো হবে। অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।