মানিকগঞ্জে পৃথক দুটি ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ধারালো দা দিয়ে কুপিয়ে সুমি আক্তার নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে, ঘিওর উপজেলায় বাড়ির পাশ থেকে চম্পা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি ঘটনাকে ঘিরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে সুমি আক্তারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, একই এলাকার বুইদা ওরফে বদর উদ্দীনের ছেলে সাগর ধারালো দা দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে তাঁর একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সুমিকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রাত ১২টার পর ধানমন্ডির অর্থকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বামী আলম পীরের অভিযোগ, অভিযুক্ত সাগর এর আগেও তাঁর ওপর হামলা চালিয়েছিলেন। এ নিয়ে তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিল।
ঘটনার পর মানিকগঞ্জ সদর থানা-পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ আশরাফুল আলম জানান, অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের দল ঘটনার তদন্ত করছে।
ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সাগর পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
অন্যদিকে, ঘিওর উপজেলায় বাড়ির পাশ থেকে চম্পা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার বীর সিংজুরী গ্রামে নিজ বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।
নিহত চম্পা বেগম ওই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে গেলেও রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোরে চম্পার শাশুড়ি হাসনা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে বাথরুমের কাছে তাঁর মরদেহ দেখতে পান। এ সময় মরদেহের পাশে চম্পার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগ পড়ে ছিল। তাঁর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে বলেও জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, চম্পার স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্য। প্রায় দুই বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস শুরু করেন। এরপর থেকে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে শাশুড়ির সঙ্গে বসবাসের পাশাপাশি গার্মেন্টসে চাকরি করতেন চম্পা।
ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।