বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি হ্যান্ডবলে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ নারী দল। মঙ্গলবার ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ৩৩-২০ গোলে পরাজিত করে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের প্রথমার্ধেই দাপট দেখায় বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে মালদ্বীপের বিপক্ষে ১৬-৫ গোলের বড় ব্যবধান গড়ে তোলে স্বাগতিক দল। প্রথমার্ধে পিছিয়ে পড়া মালদ্বীপ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ ১৫ গোল করলেও বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এই অর্ধে বাংলাদেশও ১৭ গোল করে। ফলে শেষ পর্যন্ত ৩৩-২০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ আটটি গোল করেন মোসাম্মৎ সানজিদা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও পান তিনি। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক দল।
অন্যদিকে, ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বুধবার দুপুর ২টায় মালদ্বীপের প্রতিপক্ষ নেপাল।